মানিক পশারীকে গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে প্রতিবাদ সভা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:২৭ পিএম
মানিক পশারীকে গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে প্রতিবাদ সভা

 পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও পারিবারিক কবরস্থানে দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদ জানান। তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও যথাযথ ধর্মীয় রীতিতে দাফনের বিষয়টি প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা উচিত। এ ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয়ে থাকলে তা তদন্ত করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।প্রতিবাদ সভায় ৭১ এ যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৎকালিন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি। পিরোজপুরের সাবেক জেলা কমান্ডার মো: ফজলুল হক সেন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, আবদুল মান্নান দরানী, আতা-ই রব্বানী ফিরোজ, আকরাম খান, আবদুর রশিদ হাওলাদার, এস এম দুলাল, মশিউর রহমান, মো: মাহবুবুর রহমান, জয়নাল আবেদীন, মুক্তিযুদ্ধ প্রজন্ম পিরোজপুর জেলা আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র প্রমুখ। 

এর আগে একই বিষয়ে ২৯ অকটোবর মুক্তিযুদ্ধা সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ড জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মানববন্ধন করেছিলো।প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর ২৫ অকটোবর সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তার জামাতার বাড়িতে মারা যান। ওই দিন দুপুরে তার মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিসদে গার্ড অব অনার দেওয়ার জন্য নেওয়া হলে বিক্ষুব্ধ কিছু লোক তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে গার্ড অব অনার দিতে বাধা দেয়। পরে পুলিশ প্রহরায় তার মরদেহ পিরোজপুর পুলিশ লাইনে নিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। ওই সময় পুলিশ লাইনের সামনে ও আশেপাশে বিক্ষুব্ধ লোক জমায়েত হয় ও তার দাফন পিরোজপুরে করতে দেওয়া হবে না বলে স্লোগান দেয়। তাকে কবরস্থ করতে তার বাড়িতে কবর খোঁড়া হলে এক পর্যায়ে  স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার জন্য খোঁড়া কবর মাটি দিয়ে ভরে ফেলে। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় মানিক পশারীর বোন ও দুই মেয়ে অপর দুই পুরুষের সহযোগিতায় কবর খনন করে রাত ১ টারদিকে তাকে দাফন করে। এসব ঘটনার সাথে জামায়াত ও ছাত্র শিবির জড়িত ছিলো বলে মানিক পশারীর পরিবার থেকে অভিযোগ করা হয়। ওইসব অভিযোগ অস্বীকার করে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন মানিক পশারীর দাফনে তারা সহযোগিতা করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে