দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয় পরিদর্শন করেছেন।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর এবং সিনিয়র অতিরিক্ত মহাসচিব শাহ মো. আব্দুল খালেক চাঁদপুর চেম্বার কার্যালয়ে উপস্থিত হলে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। পরিদর্শনকালে এফবিসিসিআই কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানান চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
পরে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এফবিসিসিআই কর্মকর্তাদের এক সৌজন্য ও মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি, স্থানীয় শিল্পোদ্যোক্তাদের সুযোগ-সুবিধা এবং আঞ্চলিক বাণিজ্য বিকাশে যৌথ পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়। এসময় চাঁদপুর চেম্বারের পরিচালক পরেশ মালাকারসহ চেম্বারের অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ স্থানীয় চেম্বারের গতিশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্র থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।