সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। একই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার নামে কেউ টাকা দাবি করলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলার পাঁচটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। শিশুদের সঙ্গে নিয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার দৃশ্যটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।অনুষ্ঠানে বক্তব্যে প্রতিমন্ত্রী পুতুল বলেন, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এসব সুবিধা মানুষের অধিকার। এগুলো পেতে কাউকে এক টাকাও দিতে হবে না। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড কিংবা অন্য কোনো সরকারি ভাতা দেওয়ার কথা বলে কেউ যদি আপনাদের কাছে টাকা দাবি করে, তাহলে তাঁর নাম-পরিচয় নোট করে আমাকে জানাবেন। যে দলেরই হোক, তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ কেউ যেন নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রকৃত উপকারভোগীরা যাতে কোনো ধরনের হয়রানি কিংবা আর্থিক লেনদেন ছাড়াই সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করার কথাও বলেন প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপজেলা প্রকৌশলী আওলাদ হোসেন জানান, পাঁচটি সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ৬ দশমিক ৬৬ কিলোমিটার। এর মধ্যে চারটি সড়ক পাকাকরণ এবং একটি সড়ক সংস্কার ও পাকাকরণের কাজ করা হবে। এসব উন্নয়নকাজে মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে