ফেসবুকে ঢাকা দখলের ঘোষণা দিয়ে পোস্ট দেওয়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তথ্যরে সত্যতা নিশ্চিত করে বরিশালের উজিরপুর মডেল থানার ওসি রাকিবুল ইসলাম জানিয়েছেন, আটক আসাদ মোল্লা (৩০) উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
ওসি আরও জানিয়েছেন, গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে গুঠিয়া বন্দর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটককৃতকে হেফাজতে নিয়ে আসে। পরবর্তীতে পূর্বের একটি মামলার সন্দেহজনক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, এরপূর্বে গত ৩১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসাদ মোল্লা তার নিজের আইডি থেকে একটি পোস্ট করেন। যেখানে তিনি উল্লেখ করেছেন-”আওয়ামী লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে, ইনশাআল্লাহ”। তার এই পোস্টটি বিএনপি নেতাদের নজরে আসার পর তারা আসাদ মোল্লাকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন।