বাংলাদেশ রাইজিং স্টার্স দলে জায়গা পেলেন ৩৪ বছরের সাব্বির

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ পিএম
বাংলাদেশ রাইজিং স্টার্স দলে জায়গা পেলেন ৩৪ বছরের সাব্বির

৩৪ বছর বয়সেও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন সাব্বির রহমান। সেই লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাওয়ার পাশাপাশি এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশ রাইজিং স্টার্সের এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে। ২০১৬ সালের এশিয়া কাপে ২৪ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। এক দশক পর আবারও এশিয়া কাপে খেলতে যাচ্ছেন সাব্বির, তবে এবার প্রতিপক্ষ অন্য দেশগুলোর উদীয়মান ক্রিকেটাররা। সাব্বিরের পাশাপাশি স্কোয়াডে আছেন জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা আরও কয়েকজন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন প্রায় ছয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা নাঈম শেখ, ২০১৯ বিশ্বকাপে অংশ নেওয়া মোহাম্মদ সাইফউদ্দিন, ২০২৫ সালে জাতীয় দলে অভিষিক্ত পারভেজ হোসেন ইমন এবং একসময় টেস্ট দলের নিয়মিত মুখ মাহমুদুল হাসান জয়। এ ছাড়া আছেন শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান ও রিপন মন্ডল। প্রাথমিক স্কোয়াডে জাতীয় দলে অভিষেক না হওয়া ক্রিকেটার রয়েছেন মাত্র সাতজন। তাঁরা হলেন ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে সংস্করণের এই এশিয়া কাপ আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড-

সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল, রকিবুল হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।