চাঁদপুরের মতলব উত্তুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মামলার আসামি আলোচিত ডাকাত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. ফিরোজ বাবুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) উপজেলার এখলাছপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফিরোজ বাবু এখলাছপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীবাড়ির মজিবুর রহমান বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে অভিযানিক দল গঠন করা হয়। পরে এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এখলাছপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো. ফিরোজ বাবু এলাকায় একজন চিহ্নিত ডাকাত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১৯টি মামলা রয়েছে। যার মধ্যে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ১৫টি মাদক মামলা, ৩টি ডাকাতি মামলা এবং অন্যান্য ধারায় ১টি মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।