দীর্ঘ রাজনৈতিক পথচলার অবসান, স্মৃতিতে অমলিন ইসরাইল হোসেন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪২ পিএম
দীর্ঘ রাজনৈতিক পথচলার অবসান, স্মৃতিতে অমলিন ইসরাইল হোসেন

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা। রাজনৈতিক জীবনে সততা, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে সহকর্মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন।

তাঁর মৃত্যুতে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি দুই দিনব্যাপী শোক কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে ইসরাইল হোসেন জীবনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তবিবুর রহমান মিনি ও আবুল কালাম আজাদ। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মরহুম ইসরাইল হোসেন জীবনের রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহকর্মী। দলের দুঃসময়ে তাঁর সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিকতা নেতাকর্মীদের কাছে তাঁকে স্মরণীয় করে রাখবে। তাঁর অবদান ও স্মৃতি দলীয় নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুম ইসরাইল হোসেন জীবনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে