সুজানগরে বিরোধপূর্ণ জমির উপর বাড়ি নির্মাণ

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭ পিএম
সুজানগরে বিরোধপূর্ণ জমির উপর বাড়ি নির্মাণ

পাবনার সুজানগরের বদনপুর গ্রামে বিজ্ঞ আদালতের জারি করা ১৪৪ধারা অমান্য করে বিরোধপূর্ণ জমির উপর পাকা বাড়ি-ঘর নির্মাণ করা হচ্ছে। এতে যেকোন মুহূর্তে ওই জমির অংশীদারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মাস্টার এবং আশিকুর রহমান বাবু নামে একজন সরকারি কর্মকর্তা ও তার আরও দুই ভাইয়ের মধ্যে বদনপুর মৌজায় অবস্থিত ৮৮.৫শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এলাকার প্রধানগণ ইতিপূর্বে সালিশী বৈঠকের মাধ্যমে বিবাদমান ওই জমি নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে নিষ্পত্তি হয়নি। এরই মাঝে আশিকুর রহমান বাবু এবং তার অন্যান্য ভাইয়েরা জোরপূর্বক বিরোধপূর্ণ জমির উপর পাকা বাড়ি-ঘর নির্মাণ করছে। আব্দুস সাত্তার মাস্টার জানান, উক্ত আশিকুর রহমান বাবু একজন প্রভানশালী সরকারি কর্মকর্তা। সেকারণে আমি বিরোধপূর্ণ ওই জমির উপর বাড়ি-ঘর নির্মাণে বাধা দিলে সে এবং তার অন্যান্য ভাইয়েরা বাধা নিষেধ উপেক্ষা করে বাড়ি-ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখে। সেই সঙ্গে তারা আমার জীবন নাশের হুমকী প্রদান করে। এতে আমি নিরুপায় হয়ে পাবনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদাল-১’র শরণাপন্ন হই। বিজ্ঞ আদালত আমার আরজি আমলে নিয়ে বিরোধপূর্ণ ওই জমির উপর ১৪৪ধারা জারি করেছেন। কিন্তু উক্ত বিবাদীগণ আদালতের ১৪৪ধারা অমান্য করে বিবাদমান জমির উপর বাড়ি-ঘর নির্মাণ কাজ আগের মতোই অব্যাহত রেখেছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন বলেন আমি বিজ্ঞ আদালতের ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ধারার পিটিশন মামলা প্রাপ্ত হয়ে বিবাদমান ভূমিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাদী এবং বিবাদী উভয় পক্ষকে নোটিশ দিয়েছি। বিবাদী থানা পুলিশের নোটিশ পাওয়ার পর ১৪৪ অমান্য করে বাড়ি-ঘর নির্মাণ করলে আদালত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে এনামুল হক নামে একজন বিবাদী বলেন স্থানীয় প্রধানগণের মাধ্যমে বিরোধ মিমাংসা হওয়ায় আমরা ওই জমির উপর বাড়ি-ঘর নির্মাণ করছি, জোরপূর্বক নয়।

আপনার জেলার সংবাদ পড়তে