নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় নেই, ঝালকাঠিতে ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭ পিএম
নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় নেই, ঝালকাঠিতে ইসি সানাউল্লাহ

দেশের ভাবমূর্তি ও সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, একটি স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় এই সভার আয়োজন করা হয়।

সভায় নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত থাকায় দেশের মানুষ এবার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবে না নির্বাচন কমিশন। সবাইকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি সানাউল্লাহ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে ঘিরে অনিয়ম বা পক্ষপাতিত্বের কোনো অভিযোগ সহ্য করা হবে না।

সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়।

সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নির্বাচন জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে শুধু প্রার্থী নয়, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও সুপারিশ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে