বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মতোই বাংলাদেশের একটি রাজনৈতিক দল যাদের জনগন গুপ্ত পরিচয়ে চিনেন তারা এখন নতুন জালিম রূপে আর্বিভূত হয়েছে। যাদের কাছে দেশের মা-বোনরা নিরাপদ নয়। বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্যদিয়ে।
আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। কিন্তু ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুনিমানি ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। সেই রীতি এখনও বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় দেশের মানুষের কাছে আবির্ভাব হয়েছে।
তিনি বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সাথে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারেনা। তাদের কাছে মানুষের মর্যাদা নেই। তারেক রহমান বলেন, গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কিভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে। তিনি বলেন, এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিসহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে বুধবার বেলা ১১ টা ৫৬ মিনিটে বরিশাল স্টেডিয়ামে হেলিকপ্টারে থেকে নামেন তারেক রহমান। সেখান থেকে গাড়িবহরযোগে ১২ টা ২৬ মিনিটে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠের জনসভা মঞ্চে ওঠেন তারেক রহমান। দুপুর একটা নয় মিনিট থেকে তিনি ১ টা ৩৮ মিনিট পর্যন্ত দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারেক রহমান বরিশাল বিভাগের ১৯ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দুইটি আসনের শরীক দলের প্রার্থীদের নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।