পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা গতকাল সোমবার চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য দেন,ঢাকা দক্ষিণ বিএনপির নেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,চাটমোহর উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,অধ্যক্ষ আব্দুর রহিম কালু,ভিপি সেলিম রেজা,প্রভাষক সিরাজুল ইসলাম,রবিউল করিম তারেক,আবু হানিফ,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,নুরুল করিম খান আরজ,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,কৃষকদলের নেতা আমিরুল ইসলাম নিক্সন,যুবদল নেতা গোলজার হোসেন,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম,স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম সরকার,শ্রমিক দলের নেতা মোন্তাজ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী হাসান জাফির তুহিন বলেন,আমি আপনাদের সাথে আছি,কথা দিচ্ছি আগামী ৫ বছর আমি আপনাদের হয়ে যাবো। কোন দূর্নীতিকে প্রশ্রয় দেবোনা। বিএনপির কোন নেতা দূর্নীতি করতে পারবেনা। দূর্নীতি নামক রোগ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাংলাদেশকে বাঁচাতে হবে। তিনি অভিযোগ করেন একটি দল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেরার অপচেষ্টা করছে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। জনসভাটি সফল করতে দুপুরের পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠণের হাজার হাজার কর্মী-সমর্থক বালুচর মাঠে এসে হাজির হন। জনসভাটি এক সময় জনসমুদ্রে পরিণত হয়।