জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সরকারি রাস্তার পাশে লাগানো বিভিন্ন প্রজাতির ২০ থেকে ২৫টি ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সদস্য রাব্বি ওরফে সাদ্দাম একই গ্রামের গোলাম মওলা দুলালের ছেলে। গত ৭ এপ্রিল মঙ্গলবার তিনি ছুটিতে বাড়িতে এসে এ ঘটনা ঘটিয়ে পুনরায় কর্মস্থলে ফিরে যান। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমিরহাট থেকে আক্কেলপুর সড়কের দক্ষিণ জিয়াপুর গ্রামের রাস্তার পশ্চিম পাশে প্রতিবেশী মাহবুব মন্ডলের লাগানো ফলদ গাছগুলো পরিকল্পিতভাবে কেটে ফেলা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী মাহবুব মন্ডল বলেন, রাব্বি ওরফে সাদ্দামের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে পুলিশে চাকরি করার কারণে প্রভাব খাটিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। ঘটনার দিন আমি ও আমার ভাই বাড়িতে ছিলাম না। সেই সুযোগে সে প্রকাশ্যে দিনের বেলায় আমাদের লাগানো ফলদ গাছগুলো কেটে ফেলে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর জানান, ঘটনাটি তিনি অবগত আছেন। তিনি বলেন, ওই ছেলেটি পুলিশে চাকরি করে। গত মঙ্গলবার সে রাস্তার পাশে কয়েকটি কলা গাছ কেটেছে বলে শুনেছি। অভিযুক্ত রাব্বি ওরফে সাদ্দাম মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, রাস্তার পাশে থাকা পুকুরটি আমার ও অন্যান্য শরিকদের। নতুন করে গাছ লাগানোর জন্য জায়গাটি পরিষ্কার করা হয়েছে। তাদের লাগানো কোনো গাছ সেখানে ছিল না। তারা আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ করছে।