দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রচার-প্রচারণা শেষে এখন ভোটারগণ প্রস্তুতি নিচ্ছেন নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট প্রদানের প্রস্তুতি। আর ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ প্রস্তুতি নিচ্ছেন ভোট গ্রহণের। আইন শৃঙ্খলা রক্ষা কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নির্বাচনী এলাকায় নিয়োজিত আছেন। বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন নারী ও ১ লাখ ৮৭ হাজার ১১২ জন পুরুষসহ মোট ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন ভোটার। মোট ১১৬ টি ভোট কেন্দ্র এর মধ্যে বিরল উপজেলায় ৭১ টি ও বোচাগঞ্জ উপজেলায় ৪৫ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন মোট আট জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রার্থীদের মধ্যে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা এ কে এম আফজালুল আনাম (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী আ ন ম বজলুর রশীদ কালু (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধূরী জীবন (জাহাজ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ মাওলানা রেদওয়ানুল কারীম রাবিদ (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত এ্যাডভোকেট জুলফিকার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মাওলানা জোবায়ের সাঈদ (রিক্সা) ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত মোঃ মোকারম হোসেন (হারিকেন)। ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার সকাল হতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর তত্ত্বাবধায়নে নির্বাচনের সরঞ্জাম ও উপকরণসমূহ সংগ্রহপূর্বক প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ ভোট কেন্দ্রসমূহে গমণ করেছেন। ১২ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট হতে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার পছন্দের প্রার্থীকেসহ গণভোটে অংশগ্রহণের মাধ্যমে হ্যাঁ অথবা না ভোট প্রদান করতে পারবেন ভোটারগণ। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক জানান, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবার একইসাথে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণের বডিঅন ক্যামেরার মাধ্যমে কেন্দ্রের বাহিরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ভোটারগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে প্রত্যাশা সকলের।