পাবনা-৩ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৪ পিএম
পাবনা-৩ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে শান্তিপূর্ণ,সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কেন্দ্রগুলোতে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো সংঘাত, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি,তবে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্টতার কারণে দুইজন প্রিজাইডিং অফিসার ও একজন সহকারি প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভোটের উৎসবে ঈদের আমেজ এসে যায়। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেসম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ছিলো সেনাবাহিনী,বিজিবি,র‌্যাব,পুলিশ ও আনসার সদস্য। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছিল। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন সকাল ১০টার দিকে বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এবং স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম সকাল সাড়ে ১০টায় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। উভয়ই উপস্থিত সাংবাদিকদের বলেন,ভোট সুষ্ঠু হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে