পটুয়াখালী-২ (বাউফল) আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরাজিত বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলম তালুকদারের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় এক লর মালা দুজনেই গলায় তুলে নেন। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী সহিদুল আলমের বাসায় গিয়ে সৌজন্য স্বাক্ষাত করেন নবনির্বাচিত এমপি শফিকুল ইসলাম মাসুদ। এসময় পরাজিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলমের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ বলেন, এ বিজয় বাউফল বাসীর, এ বিজয় সকলের। আগামী দিনে সাবেক সদস্য সহিদুল আলমের সহযোগিতা নিয়ে সমৃদ্ধ উন্নত বাউফল গড়ব। কোনো প্রতিহিংসার রাজনীতি আমরা করবো না, মিলেমিশে বাউফল গড়ব। এসময় সহিদুল আলম তালুকদার সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জয় পরাজয় থাকবেই। আমি একবার এমপি ছিলাম। নতুন যিনি এমপি হয়েছেন তাকে আমার এবং দলের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী (দাঁড়িপাল্লা) ড. শফিকুল ইসলাম মাসুদ ১লাখ ৭শ ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) মো. সহিদুল আলম তালুকদকর তালুকদারের প্রাপ্ত ভোট ৭২ হাজার ৬শ ৭৬ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী (হাতপাখা) আবদুল মালেক হোসেন আনোয়ারী। তাঁর প্রাপ্ত ভোট ১৪ হাজার। বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, শান্তিপর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। ১১৫ টি কেন্দ্র সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় নির্বাচন।