মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম | প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম
মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

ঝিনাইদহের কালীগঞ্জে মোটর সাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত ইয়ামিন (১৬)কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের প্রবাসী শাহিনুর তরফদারের ছেলে। নিহত ইয়ামিন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি মোটর সাইকেল কেনার আবদার করে আসছিল। তার মা মোছাঃ চায়না পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছুদিন সময় চাইলে ইয়ামিন রাজি হয়নি। এ নিয়ে সে প্রায়ই আত্মহত্যার হুমকি দিত।ঘটনার দিন বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইয়ামিন ঘর থেকে বের হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সে পরিবারের সদস্যদের জানায়, সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে বুঝিয়ে ঘরে পাঠানো হয়। শুক্রবার  রাত আনুমানিক দেড়টার দিকে তার মা ছেলের খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, ইয়ামিন সিলিং ফ্যানের কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচা শাহাদৎ তরফদার কালীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুদেহ সুরতহাল রিপোর্টের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে