রংপুর-৪ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের করে বিজয় ছিনিয়ে নেয়ায় অভিযোগ এনে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পীরগাছা ও কাউনিয়া উপজেলা বিএনপি। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভোট পুনর্গণনার ব্যবস্থা করা না হলে পুরো রংপুর অচল করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত কাউনিয়া উপজেলার হারাগাছ ও পীরগাছা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বিএনপি প্রার্থীর বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা। দুপুরে পীরগাছা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের বরাবর স্মারকলিপি প্রদান শেষে ইউনিয়ন পরিষদ মোড়ে সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা অভিযোগ করে বলেন, রংপুর জেলায় ইঞ্জিনিয়ারিং করে জেলার ৬টি আসনে বিএনপি প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর-৪ আসনে আমাদের প্রার্থীর জয় সুনিশ্চিত থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে সুকৌশলে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ভোট পুনর্গণনা করতে হবে। এর ব্যত্যয় হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যতক্ষণ পর্যন্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ডিসিকে অপসারণ করবে না এবং ভোট পুনর্গণনার ব্যবস্থা নেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সংখ্যালঘু সমপ্রদায় ও স্থানীয়দের আশ্বস্ত করে রাঙা বলেন, পীরগাছার সর্বস্তরের মানুষ ও হিন্দু সমপ্রদায়ের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির। ব্যক্তিগত দ্বন্দ্ব বা জমি দখলকে কেন্দ্র করে কেউ যেন রাজনীতির নাম ব্যবহার না করে। এসময় দাবি আদায়ে আগামীকাল রোববার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পুনরায় সমাবেশের ঘোষণা দেন তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন প্রমুখ। এর আগে পীরগাছার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রধান সমাবেশে যোগ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, ভোট পুনর্গণনার বিষয়ে আমি একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এছাড়াও কাউনিয়া উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় কাউনিয়ায় বিক্ষুদ্ধ জনতার কর্মসূচিতে উপস্থিত হয়ে এমদাদুল হক ভরসাকে সাথে কথা বলে তার খোঁজখবর নেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি অভিযোগ করেন, নীল নকশার মাধ্যমে ভোট কারচুপি করে নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপির আখতার হোসেন। যা জনগণ মেনে নিতে পারছেন না, এ কারণে ভোট পুনর্গণনা করতে হবে।
এর আগে, সকাল থেকে হারাগাছ পৌর এলাকায় দোকানপাট বন্ধ রেখে অঘোষিত হরতাল কর্মসূচি পালন করে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। তারা হারাগাছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানান। ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে ধরে শুক্রবার রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ফলাফল পুনর্গণনার আবেদন জমা দেন এমদাদুল হক ভরসা। তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপির প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভরসা জানান, তিনি জনগণের রায়ে বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদী ছিলেন। কিন্তু বেলা ৩টা থেকে ৫টার মধ্যে প্রতিপক্ষের লোকজন মব সৃষ্টি করে এবং প্রশাসনের সহযোগিতায় ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন। ভরসা অভিযোগ করেন, প্রায় ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক। পুনর্গণনা করলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে বলেও জানান তিনি। সঠিক বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপির এই প্রার্থী।
অন্যদিকে, রংপুর-৪ আসনে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ তুলেছেন বিজয়ী প্রার্থী আখতার হোসেন। শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন লিখেছেন, ‘হারাগাছে এখন ভরসার ভাড়া করা লোকেরা যা করছে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের কর্তারা আলোচনার মাধ্যমে আইনগতভাবে এই সমস্যার সমাধান করুন। সময়ক্ষেপন করার সুযোগ নাই। যেসব মানুষদের ভাড়া করে আনা হয়েছে তারা খেটে খাওয়া সাধারণ মানুষ। আখতারের দাবি, ‘ভরসার নেতাকর্মী তাদেরকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে বিভ্রান্ত করছে। এই আইন লঙ্ঘনের পরিস্থিতির দায়ভার বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। এখানে অধিকাংশ মানুষ কোনও কিছু না বুঝে, আইনের বিষয়ে অবগত নয় জন্য, দিনহাজিরার বিনিময়ে এসেছে।’ তিনি আরও লিখেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ কোনওভাবেই ভরসার লোকদের দ্বারা জোর করে ধরে নিয়ে এসে মিছিল করানো এইসব জিম্মি থাকা নিরীহ মানুষদের প্রতি কোনরুপ ফোর্স এপ্লাই করা যাবে না। আলোচনা করে আইনি পন্হায় সুরাহা করুন। যারা ভাঙচুর লুটপাট আহত করছে শুধু সেসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন। সাধারণ মানুষরা নিরাপদ থাকবে।’ এর আগে সকালে আরেকটি ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন ‘ওরা আমাদের নেতাকর্মীদের বাড়ি-ঘর ভেঙে লুটপাট করছে। অনেককে রক্তাক্ত করেছে। আমরা আইনি প্রক্রিয়ায় এইসব সন্ত্রাসীদের শাস্তি চাই। ন্যায়বিচার চাই। সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ।’ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রার্থী আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৯ হাজার ৪০২ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজর ৫৬৪ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট। পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। দুই উপজেলার ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৩১৪। এর মধ্যে বৈধ ৩ লাখ ৩০ হাজার ৫১ ভোট ও বাতিলকৃত ভোট ৮ হাজার ২৬৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৬ দশমিক ৩৫ শতাংশ।