নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালায় ডিএনসি। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। ১৮ ফেব্রুয়ারি নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুত্র বিষয়টি নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি রাতে সৈয়দপুর মহাসড়কের ওয়াপদা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের একটি সিটে বসে থাকা যাত্রী মোশারফ হোসেন ওরফে মফিজুল (২৯)-এর কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আটক করা হয় তাকে। গ্রেফতারকৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সাকিব সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।