গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গাইবান্ধা-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু নিজেই হাতে ঝাড়ু তুলে নিয়ে শুরু করেন অভিযান কার্যক্রম। পরিচ্ছন্নতার বার্তা দিয়ে প্রথম দিনেই পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে এ অভিযানে এমপি নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন এবং কাজের নেতৃত্ব দেন। তার এই উদ্যোগে উৎসাহিত হয়ে দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহউদ্দিন আহমেদ, পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, , পলাশবাড়ী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, জামায়াত মনোনীত পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চাঁনসহ স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ। অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম লেবু জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, "একটি সুস্থ জাতির জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য, আর এই দায়িত্ব আমাদের সবার।" হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।