দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম-কে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন-এর সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভায় উপজেলার প্রশাসনিক সকল দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা জানানো হয়। পরে তিনি কর্মকর্তাদের সাথে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম কঠোর ও দৃঢ় ভাষায় বলেন, “নির্বাচনের সময় আমি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে-এটাই আমার দৃঢ় অঙ্গীকার। এ ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা অপরিহার্য। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জনগণের সেবায় কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।