নেপালে একটি যাত্রীবাহী বাস গত সোমবার পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী বরফাচ্ছাদিত নদীতে পড়ে গেলে একজন ব্রিটিশ পর্যটকসহ ১৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
দেশটির পুলিশ গত সোমবার এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুতে যাওয়ার পথে গত সোমবার ভোরে বাসটি দুর্ঘটনার শিকার বাসটি রাস্তা থেকে ২০০ মিটার (৬৫৫ ফুট)-এরও বেশি গভীর ধাদিং জেলার ত্রিশুলি নদীতে পড়ে যায়।
স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রকাশ দাহাল এএফপিকে বলেন, হতাহত ৪৪ জন যাত্রীর মধ্যে ১৯ জন নিহত হয়েছেন এবং ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিশ্চিত করেন যে, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।
তিনি বিস্তারিত আর কিছু না জানিয়ে বলেন, বাস দুর্ঘটনায় একজন চীনা এবং একজন নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নুপান বলেন, ভোর নাগাদ উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
২০২৪ সালের জুলাই মাসে ভূমিধসের পর একই নদীতে দুইটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। উভয় বাসে ৫০ এর বেশি যাত্রী ছিল।
খারাপ ও ঝুঁকিপূর্ণ সড়ক, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা, যানবাহন এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে নেপালে নিয়মিত এ ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে।