ঈদুল ফিতর সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে মঙ্গলবার (৩ মার্চ) থেকে। ওইদিন থেকেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। কাউন্টার ও অনলাইন, দুই মাধ্যমেই মিলবে টিকিট।
রাজধানীর গাবতলীতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। ৩ মার্চ দেওয়া হবে ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার টিকিট।”
ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।
টিকিট কালোবাজারি রোধে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান শুভঙ্কর ঘোষ রাকেশ। তার ভাষ্য, “বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রতিবছর ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়ে। সেই চাপ সামাল দিতেই আগাম টিকিট বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।