সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোস্টগার্ডের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। বৈঠকের শুরুতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি।
বৈঠকে মহাপরিচালক কোস্টগার্ডের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সরকারপ্রধান। উন্নয়নের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে কোস্টগার্ড দেশের সমুদ্রসীমার অতন্দ্র প্রহরী হিসেবে আরও দৃঢ় অবস্থান তৈরি করবে।