মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার তাগিদ মার্কিনিদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০২:২৭ পিএম
মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার তাগিদ মার্কিনিদের

চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স শাখার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোতে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। তাই যেসব বাণিজ্যিক পরিবহন এখনো চালু আছে, সেগুলো ব্যবহার করে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে বলা হয়েছে।

যেসব দেশ ও এলাকা ছাড়তে বলা হয়েছে

বাহরাইন

মিসর

ইরান

ইরাক

ইসরায়েল

পশ্চিম তীর

গাজা

জর্ডান

কুয়েত

লেবানন

ওমান

কাতার

সৌদি আরব

সিরিয়া

সংযুক্ত আরব আমিরাত

ইয়েমেন

দপ্তর জানায়, ইরান ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পাল্টা হামলা এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে এসব স্থানে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির ঝুঁকিতে রয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। তাই নাগরিকদের স্থানীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা, ভ্রমণ সতর্কতা মেনে চলা এবং জরুরি প্রয়োজনে বিকল্প প্রস্থান পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর প্রভাব কূটনৈতিক মিশন, সামরিক স্থাপনা এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তার ওপর পড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন।