মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০১ জন সক্রিয় নারী সদস্যকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার সাকিনস্থ চুইঝাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চেকপোস্ট স্থাপন করে গোল্ডেন লাইন নামক একটি যাত্রীবাহী বাস হতে অনুমানিক ৬,৬০,০০০/-(ছয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ২২ কেজি গাঁজাসহ ০১ জন নারী আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম তাসলিমা খাতুন (৪৬), পিতা- মৃত আবু তালেব খন্দকার, সাং- ছয়চার, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।