নাটোরের লালপুরে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখা। সোমবার (১৬ মার্চ) বিকেলে লালপুরের হাজী মার্কেট ফুড পার্ক হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির জেলা সদস্য সচিব মোকাররেবুর রহমান নাসিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন এবং উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম। আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ইমাম হাসান মুক্তি, সাপ্তাহিক পদ্মা প্রবাহের সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম, নয়া দিগন্তের প্রতিনিধি এহসানুল করিম তুহিন এবং সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভবিষ্যতেও সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।