চাঁদপুর শহর এলাকার প্রধান পর্যটন এলাকা রেলওয়ে বড়স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা। অভিযানে দু'জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেলপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশ সদস্য অংশ নেন।এদিন প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উৎক্ষেপ করা হয়। অভিযান চলাকালে বেশ কয়েকবার বাধার মুখে পড়েন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় অভিযানকারীদের।পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর এই মিলনস্থলটি চাঁদপুরের প্রধান পর্যটন আকর্ষণ। স্থানীয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার কারণে প্রকৃতির স্বাভাবিক রূপ নষ্ট হচ্ছিল। এ ছাড়া ব্যবসার আড়ালে পর্যটকদের হয়রানির অসংখ্য অভিযোগ ছিল। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন বলেন, 'বড়স্টেশন মোলহেড এলাকার সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এখানে দেশি-বিদেশি ভ্রমণপিপাসুরা নদীর মোহনা দেখতে আসেন। চাঁদপুরের সুনাম রক্ষায় এখানে পর্যটনবান্ধব আধুনিক অবকাঠামো নির্মাণ করা হবে।'সরেজমিনে দেখা যায়, উচ্ছেদ অভিযান চলাকালে গুঁড়িয়ে দেওয়া হয় কয়েক দশকের পুরোনো ও অস্থায়ী নানা স্থাপনা। তবে ঈদের আগমুহূর্তে এই অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তাঁদের অভিযোগ, বিকল্প কোনো ব্যবস্থা না করেই উৎসবের মুখে তাঁদের উচ্ছেদ করে অবিচার করা হয়েছে। দুপুরে উচ্ছেদস্থল পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। তিনি সাংবাদিকদের বলেন, 'প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত এই এলাকার আদি রূপ ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এতে কিছু মানুষের সাময়িক কষ্ট হলেও জনস্বার্থে ও বৃহত্তর স্বার্থে এই অভিযান চালানো হয়েছে।'