দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্রে শতাধিক, ৩ শিশুর করুণ মৃত্যু, নিখোঁজ ২

এফএনএস | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ০৭:২৫ পিএম
দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্রে শতাধিক, ৩ শিশুর করুণ মৃত্যু, নিখোঁজ ২

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হলো জামালপুরের দেওয়ানগঞ্জে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি অস্থায়ী ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যান। এই ভয়াবহ দুর্ঘটনায় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

নিহত তিন শিশু হলো— দেওয়ানগঞ্জ থানার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০)। তারা সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ওই এলাকায় ঘুরতে এসেছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতি বছর ঈদের দিন এই ড্রাম ব্রিজ ও তৎসংলগ্ন এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটে। ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ বিকেলে অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ করে মাঝখান থেকে ব্রিজটি ভেঙে পড়ে। এতে ব্রিজে থাকা শতাধিক পর্যটক মুহূর্তেই উত্তাল নদে তলিয়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কিছু শিশু স্রোতের টানে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তিন শিশুর নিথর দেহ উদ্ধার করে।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনতা উদ্ধার অভিযান শুরু করে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাদের সন্ধানে নদে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এলাকা। স্থানীয়রা এই জরাজীর্ণ ব্রিজের সংস্কার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে