রাজশাহী বাঘায় রিদুয়ান আহম্মেদ রানা নামের এক ছাত্রদল নেতা ছুরিকাঘাতে আহত হয়েছে। ঈদের দিন শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিদুয়ান আহম্মেদ রানা (১৮) বাউসা ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও বাউসা মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম মুন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত রানা বাবা জাহাঙ্গীর আলম মুন্টু মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, রিদুয়ান আহম্মেদ রানা বাউসা মাঝপাড়া মোড়ে বসে ছিলেন এ সময় একই গ্রামের সাঈদ হোসেন (১৯) নামের এক যুবক এসে কোন কারন ছাড়াই তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সাঈদ হোসেন উত্তেজিত হয়ে রিদুয়ান আহম্মেদ রানার ঘাড়ে ও হাতে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাঈদ হোসেন একই মাঝপাড়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে। এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, এ ঘটনায় অভিযুক্ত সাঈদ হোসেনকে গ্রেফতার করে থানা আনা হয়েছে।