নওগাঁর আত্রাইয়ে খোলা বাজারে অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে সাত জনকে মোট ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউল ইসলাম। আদালতের বিচারক আলাউল ইসলাম জানান, অবৈধ ভাবে একশ্রেনীর ব্যবসায়ীরা বেশি মুনাফার আসায় খোলা বাজারে বোতলজাত করে পেট্রোল-অকটেন বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার বিহারীপুর,সুটকিগাছা,বান্ধাইখাড়া,আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং মির্জাপুর বাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোলা বাজারে অনুমোদনবিহীন পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে পেট্রোলিয়াম আইন অনুযায়ী সাতজন ব্যবসায়ীকে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলাউল ইসলাম জানান,জালানী তেলের বাজার নিয়ন্ত্রনে এবং অবৈধবাবে খোলা বাজারে বিক্রি রোধে এই অভিযান অব্যাহত থাকবে।