পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও- পাগলা এলাকায় বিএনপির নেতা-কর্মী, বাজার ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। আজ রোববার ঈদের পরদিন ও গত শনিবার ঈদের দিন গফরগাঁও পৌর শহরে ইমামবাড়ী ঈদগাহ মাঠ, জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা দলীয় কার্যালয়ে, মাইজবাড়ী বাজার, পাগলা বাজার, কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে তিনি এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ঈদ আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে-সেই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় গফরগাঁও-পাগলা থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত হোক। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ে গড়ে উঠুক একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।