“গানের মাধ্যমে বহু আন্দোলন গড়ে তোলা সম্ভব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল”-এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (এমপি)। তিনি আরো বলেন, “আমরা একটি মাদকমুক্ত, ধর্ষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে যারা সংগীতচর্চার সঙ্গে জড়িত, তারা গানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারেন। গানের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা যায়- এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের স্বাধীনতা সংগ্রাম।” রোববার (২২ মার্চ) রাত ১১টায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর স্টেশন বাজার কড়ইতলায় ফকির শাহ্ একাডেমী ও গোপালপুর পৌর সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী সংবর্ধনা ও সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আপনারা যদি সোচ্চার থাকেন, গানের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন, তাহলে আমরা সম্মিলিতভাবে এই পৌরসভাকে একটি সুন্দর ও আদর্শ নগরীতে রূপ দিতে পারব। আপনাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।”
অনুষ্ঠানে তিনি আজিমনগর রেলস্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর বিষয়ে প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মুনছুর রহমান সুইট, মাসুদ রানা মাহাতাব, চ্যানেল আইয়ের শিল্পী শাহেদ আলমসহ স্থানীয় শিল্পীরা।