রাজশাহীর বাগমারায় চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসীদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভবানীগঞ্জ মোহনা নার্সিং হোমের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, এসআই (পুলিশ) মাইনুল ইসলাম এবং সঞ্চালনা করেন জে এন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এতে সংগঠন গঠনে আগ্রহী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে মতামত প্রদান করেন।
বক্তারা জানান, বর্তমান সময়ে শুধু বাগমারায় নয়, সারাদেশেই মাদক, জুয়া, সুদ, ঘুষ ও দুর্নীতি মারাত্মক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। এসব এখনই প্রতিরোধ করা না গেলে সমাজ আরও কলুষিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রস্তাবিত সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির মূল লক্ষ্য হবে মাদকমুক্ত সমাজ গঠন, মোবাইলভিত্তিক জুয়া আসক্তি রোধ, সামাজিক অন্যায়-অবিচার প্রতিরোধ এবং ঘুষ, দুর্নীতি, সুদকারবারসহ সব ধরনের অনিয়ম বন্ধে কার্যকর ভূমিকা রাখা। একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই এ সংগঠনের প্রধান উদ্দেশ্য।
সভায় প্রাথমিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার আগ্রহী সদস্যদের যুক্ত করে ধীরে ধীরে সংগঠনের কার্যক্রম বাগমারার সর্বত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্রপ হাউস এগ্রো সাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মোমিন, এমিনেন্স কেমিক্যাল কোম্পানি লিমিটেডের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আব্দুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মো. জিল্লুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মতিন, সদস্য প্রভাষক মাহাবুর রহমান মনি, বাংলাদেশ রেলওয়ের মো. মুনজুর রহমান, ব্র্যাক আইটি শাখার মো. ইমরান হোসেন, ভবানীগঞ্জ ক্লিনিকে কর্মরত মো. আব্দুর রশিদ ও নগদের সুপারভাইজার আমিনুল ইসলামসহ অনেকে।
সভায় বক্তারা একটি আদর্শ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।