লালপুরে অপরাধ দমনে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ১১:১৮ এএম
লালপুরে অপরাধ দমনে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের

নাটোরের লালপুর উপজেলায় অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালুর নির্দেশ দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

সোমবার (২৩ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. মজিবর রহমান,উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক  ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু

সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম মনোযোগ দিয়ে শোনেন এবং অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি লালপুর উপজেলায় মাদক কেনাবেচা সম্পূর্ণ বন্ধ, পদ্মা নদীতে ইজারার বাইরে বালু উত্তোলন ও অবৈধ মাটি কাটা বন্ধ, ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ইমো হ্যাকিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া সভায় উপজেলায় চলমান জ্বালানি সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জানা যায়, লালপুর ও সততা ফিলিং স্টেশনে সাময়িকভাবে জ্বালানি তেলের ঘাটতি থাকলেও দ্রুতই সরবরাহ স্বাভাবিক হবে। রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে এবং অবৈধ মজুদ বা অতিরিক্ত মূল্যে তেল বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে ইউএনও জানান, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামীকাল (২৪ মার্চ ২০২৬) এর মধ্যে একটি হটলাইন চালু করে তা পুরো উপজেলায় প্রচারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজেই অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে পারেন।

আপনার জেলার সংবাদ পড়তে