ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬শে মার্চ) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। কর্মসূচির প্রথমেই উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সকল শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ,উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,সাংস্কৃতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ। সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে পুলিশ,আনসার,ভিডিপি,স্কাউটস এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় । উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান । উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেদ,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির ও থানার ওসি তদন্ত কৃষ্ণলাল ঘোষ । এসময় বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিএনপির দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া,মিলাদ মাহফিল ও মন্দির-ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।