রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে এসেছিল। ঈদের ছুটি শেষে বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা ওই বাসে করে চট্টগ্রামে ফিরছিলেন। বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। পথে কোনো এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায়।
রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, দুর্ঘটনায় বাসে থাকা বেশিরভাগ যাত্রীই আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, এ ঘটনায় মোট ১৯ জন আহত হয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।