চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। এ উপলক্ষে ভোরে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন মো. নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর এবং মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর। এসময় উপস্থিত ছিলেন লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মো. খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এদিকে, চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা দুপুরে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি মো. নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,বিশেষ অতিথি মো. রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ এরশাদ উদ্দিন।জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।বিকালে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা একাদশ মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খেলা শেষে প্রত্যেক অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে,মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কোস্ট গার্ডের আয়োজনে চাঁদপুর পুরাতন লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট, চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্থ জাহাজ (বিসিজিএস কুতুবদিয়া) প্রদর্শনে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিলো। সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমীর স্বাধীনতা দিবস আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে,সকালে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।এর আগে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিমের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।