গোমস্তাপুরে

অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৩২ পিএম
অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় রহনপুরস্থ মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। একটি মোটরসাইকেলে ৫০০ টাকার তেল কিনতে পারবে গ্রাহক। ৫ দিন পর পুণরায় তিনি তেল কিনতে পারবে। জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও অপচয় রোধে এই কার্যক্রম নেওয়া হয়েছে। ওই ফিলিং স্টেশনে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাং, ফিলিং স্টেশনের মালিক বাবুসহ স্থানীয় সাংবাদিকরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী জানান,এখন থেকে যত্রতত্র তেল কেনার সুযোগ থাকছে না। স্বচ্ছতা ফেরাতে এই কার্যক্রম করা হয়েছে। প্রতিটি মোটরবাইকের নাম্বারপ্লেট ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করার পর কেবল তেল প্রদান করা হবে। একবার তেল সংগ্রহ করলে পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না। কেউ চেষ্টা করলে অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে তার আইডি ব্লক হয়ে যাবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবার সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। প্রতিটি গাড়ির নাম্বারের বিপরীতে কতটুকু তেল নেওয়া হচ্ছে, তার যাবতীয় তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষিত থাকবে। 

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী রহনপুর খয়রাবাদে মেসার্স  রায়হান ফিলিং স্টেশনে যান সেখানে উপস্থিত ছিলেন পাম্পের মালিক সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম ও ট্যাগ  অফিসার উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সিরাজুল ইসলাম।  এরপরে তিনি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরবাইক নিয়ে পাম্পে আসা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হবে। প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করা থেকে বিরত থাকার জন্যও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে