লালপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৩ পিএম
লালপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাটোরের লালপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের সহায়তায় ২ হাজার ৩৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। লালপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, উফশী আউশ ধান, মুগডাল ও তিল ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচির আওতায়-পাট চাষে ১ হাজার কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

মুগডাল চাষে ৫০০ কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।

তিল চাষে ৫৫০ কৃষককে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং

আউশ ধান চাষে ৩০০ কৃষককে আউশ ধানের বীজসহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাজেদুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে পতিত জমি চাষের আওতায় আনা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে