গনভোটে জনগনের দেওয়া রায় বাস্তবায়নে সিলেট নগরীতে লিফলেট (প্রচারপত্র) বিতরণ কর্মসূচি পালন করেছে ‘১১ দলীয় ঐক্য’। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সিলেট নগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সএ কর্মসূচিতে ১১ দলের জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের রায় অমান্য করে গণবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, যার ফলে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো হুমকির মুখে পড়েছে। তারা আরও দাবি করেন বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
নেতারা বলেন, ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস এবং রাষ্ট্রকে একদলীয় শাসনে পরিণত করার অপচেষ্টা চলমান রয়েছে, যা জনগণ মেনে নেবে না। তারা অভিযোগ করেন, সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের মতামত উপেক্ষা করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহার করছে। এর ফলে দেশে কার্যত গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে বলেও মন্তব্য করেন তারা।
নেতৃবৃন্দ আরও জানান, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে রাজপথেই চূড়ান্ত জবাব দেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘১১ দলীয় ঐক্য’র অন্যতম শরিক দল এনসিপি-এর সিলেট মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্যসচিব তাসনিয়া আক্তার লুবনা এবং সাংগঠনিক সম্পাদক রিপন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।