সুনামগঞ্জের শাল্লা উপজেলা এলাকায় দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক পাবেল আহমেদ জানান, শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পর স্থানীয় কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন। বুধবার (দুপুর ১২টার দিকে) পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে গেলে শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হামলা চালান বলে অভিযোগ।
তিনি বলেন, জেলা নির্বাহী প্রকৌশলী তাকে তদন্তে উপস্থিত থাকার জন্য আগের দিন ফোন দেন। ওই তদন্তে অংশ নিতে যাওয়ার পথে অভিযুক্তরা তার শার্টের কলার ধরে মারধর শুরু করেন। এসময় আরও ৪-৫ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয় জনতার সহায়তায় তিনি রক্ষা পান এবং আহত অবস্থায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন বলেন, পাবেল আহমেদ ও রাকিব মিয়ার মধ্যে ঝগড়া হচ্ছিল, তিনি তা থামাতে গিয়েছিলেন। তিনি দাবি করেন, সাংবাদিকের ওপর হামলায় তিনি জড়িত নন। তবে তিনি জানান, এ বিষয়ে তিরি ওরাবিক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) আব্দুল আওয়াল বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে মারামারির বিষয়টি কেউ নিশ্চিত করেননি। তিনি শাল্লায় গিয়ে বিস্তারিত জানবেন বলে জানান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।