অসামাজিক কার্যকলাপের দায়ে চার নারী, হোটেল মালিক ও ম্যানেজার আটক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ এএম
অসামাজিক কার্যকলাপের দায়ে চার নারী, হোটেল মালিক ও ম্যানেজার আটক

অসামাজিক কার্যকলাপের দায়ে চার নারীসহ হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করেছে বরিশাল কোতয়ালি মডেল থানাধীন ষ্টিমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে আবাসিক হোটেল স্বাগতম-এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ষ্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম নগরীর লঞ্চঘাট এলাকার হোটেল স্বাগতমে অভিযান পরিচালনা করেন। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল মালিক শিপনসহ ছয়জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, হোটেল ব্যবসার আড়ালে মাদকের রমরমা কারবার আর অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলো হোটেল মালিক শিপন। পুলিশের হাতে খুচরা মাদক কারবারি ও পতিতা ধরা পরলেও ধরাছোঁয়ার বাইরে ছিল শিপন।

বিভিন্ন পয়েন্টে সড়কের ওপর ওত পেতে থাকে তার দালাল চক্র, যারা খদ্দের সংগ্রহ করে নিয়ে আসতো এই অন্ধকার ডেরায়। শিপনের ছত্রছায়ায় বারবার একই অপরাধের পুনরাবৃত্তি ঘটতো। কিন্তু ক্ষমতার দাপটে বারবার পার পেয়ে গেলেও এবার শেষ রক্ষা হয়নি শিপনের।

নগরীর পোর্ট রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন নোংরা কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পরিবার নিয়ে চলাচলকারী মানুষ প্রতিনিয়ত পরতো বিব্রতকর পরিস্থিতিতে। এদিকে শিপনকে আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা।