কলাপাড়ায় ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ পিএম
কলাপাড়ায় ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

১৪ ফুট দৈর্ঘ্যরে ইলিশ ও ১০ ফুট দৈর্ঘ্যরৈ বকসহ বাঘ, পেঁচার অবয়ব নিয়ে ভিন্ন আবহে পটুয়াখালীর কলাপাড়ায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু এই আয়োজন করে।  পৌর শহরের কলাপট্রি এলাকা থেকে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহনে শোভাযাত্রাটি বের করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এসময় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক সংগঠকরা উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সোৎসাহে মানুষ কৃষক, কামার, কুমার ও জেলের সাজে সজ্জিত হয়ে এবং কৃষকের ব্যবহৃত জোংরাসহ বিলুপ্ত বিভিন্ন সামগ্রী নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। এসময় বাদ্যের তালে তালে নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে শিশু কিশোররা। শোভাযাত্রা চলাকালীন সাধারন মানুষের মাঝে পুরনো ঐতিহ্যের বাতাসা, নকুল দানা, খৈ, মোয়া ও মুড়ি সহ মিষ্টি জাতীয় খাবার বিতরন করা হয়। বাঙালির ঐহিত্য এবং সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য দীর্ঘ প্রায় তিন দশক বছর পর জাঁকজমকপূর্ণ ভাবে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সংগঠন রংধনুর সভাপতি হুমায়ুন কবির জুয়েল জানান, বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে তারা নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্য এমন উদ্যোগ নিয়েছেন। প্রখ্যাত চারুকারুশিল্পি গোলাম নবী রিপন তার কয়েক দিনের নিরবিচ্ছিন্ন চেষ্ঠায় দৃষ্টিনন্দন এমন বর্ণাঢ্য শোভাযাত্রা করতে সক্ষম হন।

এর আগে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে কলাপাড়া অডিটরিয়াম মিলনায়তনে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক প্রেমীসহ শত শত সাধারণ মানুষ শোভাযাত্রা ও বৈশাখী মেলায় অংশ নেয়।