জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে বুধবার (১৫ এপ্রিল)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে। এদিন কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তারা হলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
এ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।
এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) শুনানির দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না থাকায় তা পেছানো হয়। পরে ট্রাইব্যুনাল বুধবার (১৫ এপ্রিল) নতুন তারিখ নির্ধারণ করে। আজকের শুনানিতে প্রথমে প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করবে বলে জানা গেছে।
চলতি বছরের শনিবার (১৮ জানুয়ারি) প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে হামলা চালায়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, আসামিদের “উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়।” এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।
আইন সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগ গঠন শুনানি এই মামলার গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ পার হলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে এবং সাক্ষ্যগ্রহণসহ পরবর্তী কার্যক্রমে অগ্রগতি আসবে।