কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ৩৭,২১,২০০/- (সাঁইত্রিশ লক্ষ একুশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২,৪৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২,৫৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ১৫,২৭,৫০০/- টাকা।
একই তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৪,৮৯,০০০/- টাকা। ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা, ৮ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৪,৫৬,৭০০/- টাকা। একই তারিখ ও সময়ে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১,০৪০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৭০ পিস ইয়াবা এবং ১০ বোতল মদ উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৩,৪৮,০০০/- টাকা। এছাড়া চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ১,৫৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১,৪৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়; যার আনুমানিক সিজার মূল্য ৯,০০,০০০/- টাকা। উদ্ধারকৃত সকল মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।