ভোলার দৌলতখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ঢাকা) সহকারি পরিচালক শফিকুল ইসলাম। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, পিটিআই (ভোলা) সুপারিনটেনডেন্ট জিয়াউদ্দিন আহমদ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন সাথে ছিলেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা এ কর্মকর্তার পরিদর্শনের এ টিম দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জয়নুল আবেদীন ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার্থীদের উপস্থিতি ও কেন্দ্রের সুশৃংখল পরিবেশ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। বুধবার বাংলা বিষয়ে প্রথম দিনে ৯৯২ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেয়ার তালিকা থাকলেও পরীক্ষায় অংশ নেন ৬৩০ জন। কেন্দ্রে ৩৬২ জন শিক্ষার্থী ছিল অনুপস্থিত। বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষার দ্বিতীয় দিনে আরো দুজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ না নেয়ায় কেন্দ্রে অনুপস্থিতি সংখ্যা ছিল ৩৬৪ জন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিন আমার দেশকে জানান, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অনেক পরীক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে চলে যাওয়ায় এবং মৌসুমি আবহাওয়ায় অনেক পরীক্ষার্থী অসুস্থ থাকার কারণে পরীক্ষা দেয়নি।