শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৩:৩০ পিএম
শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, উপজেলা হাসপাতালে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। একইসঙ্গে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্তও জানানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ-চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।” তিনি জানান, উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন করা হবে, যাতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখা যায়।

সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তার ভাষায়, “আমাদের কাছে আগামী ৬ মাসের জন্য টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।” তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার ৯৩৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেলেও চিকিৎসার মাধ্যমে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উপস্থিতিতে মন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালু হতে যাচ্ছে। এতে জটিল অস্ত্রোপচার এবং তৃণমূল পর্যায়ের চিকিৎসাসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রীর মতে, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনবল বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা একসঙ্গে কাজ করবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে