প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়া হায়দার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০৪:০৮ পিএম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়া হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন। বুধবার (২২ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস অনুযায়ী তাকে এই নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিমন্ত্রীর সমমানের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

ড. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি খাতে কাজ করেছেন। তিনি সর্বশেষ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অবসর নেন। পরে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক হিসেবেও যুক্ত ছিলেন।

তার কর্মজীবনে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫টির বেশি দেশে টেকসই স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন নিয়ে প্রায় তিন দশক কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলটির নির্বাচন পরিচালনা কমিটিতেও ছিলেন।

ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে জন্ম নেওয়া জিয়াউদ্দিন হায়দার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও মহামারিবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

স্বাস্থ্য খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক কাজের পরিধি বিবেচনায় এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও নীতিনির্ধারণে তার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে