যশোরের ঝিকরগাছা পৌরসভায় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামাল আলম ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।
যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে রাস্তার দুই ধারে দীর্ঘদিনের গড়ে ওঠা ফার্নিচার দোকান, ফলের দোকান, হোটেল, চা, পান, বিড়ি সিগারেটের দোকান সহ হরেক রকমের টং ঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পৌরসভার কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে উপলক্ষ করে ঝিকরগাছা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত উচ্ছেদ অভিযান অবশেষে সফল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এবং পৌর প্রশাসকের নেতৃত্বে সঠিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঝিকরগাছা পৌরবাসী ও পৌর এলাকার সুবিধার্থে এই অভিযান পরিচালিত হয়েছে।