খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি (মেডিকেল ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল বুধবারপানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে স্থানীয় পাহাড়ী ও বাঙালি মিলিয়ে কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজক সূত্রে জানা যায়, ক্যাম্পেইনে মোট ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মানুষ ছিলেন। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান (এমডিএস) এবং ক্যাপ্টেন মোঃ তানজিম ইসলাম অর্ণব (আরএমও)। খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পুরো মেডিকেল ক্যাম্পেইন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয়। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পানছড়ি সাবজোন কমান্ডার মেজর জায়েদ-উর-রহমান অয়ন বলেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ি অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি জোন নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।”